অস্ট্রেলিয়ায় সুচি’র বিচার চেয়েছেন আইনজীবীরা

রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র বিচার দাবি করেছেন অস্ট্রেলিয়ার আইনজীবীরা। তার বিচারের দাবিতে শুক্রবার ‘প্রাইভেট প্রসিকিউশন এপ্লিকেশন’ দাখিল করে একদল আইনজীবী। তারা রোহিঙ্গাদের নির্যাতনের জন্য সরাসরি সু চি’কে দায়ী করে তার বিচার দাবি করেন। আসিয়ান ও অস্ট্রেলিয়ার বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সিডনিতে গেছেন সু চি ও আসিয়ানভুক্ত কয়েকটি দেশের নেতা।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্নে ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জমা দিয়েছেন ওই আইনজীবীরা। এতে বলা হয়েছে, রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অতিমাত্রায় ও পদ্ধতিগত অপরাধ চালিয়েছে। কিন্তু দায়িত্বশীলের পদে থেকে তা বন্ধে ব্যর্থ হয়েছেন সু চি। যার আরেকটি অর্থ হয়, রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের ঘরবাড়ি থেকে বিতাড়নের জন্য সেনাবাহিনীকে তিনি নিজেই সুযোগ করে দিয়েছেন। এই আবেদনকে সামনে এগিয়ে নিতে হলে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের সম্মতি প্রয়োজন হবে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এতে ক্রিশ্চিয়ান পর্টারের সম্মতি দেওয়ার সম্ভাবনা খুবই কম। এ দিকে সু চি’র বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সু চি’র মুখে হিটলারের গোঁফ বসিয়ে তৈরি করা ছবি প্রদর্শন করে বিক্ষোভকারীরা রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধের আহবান জানিয়েছে।

ইত্তেফাক/নূহু