কোটা সংস্কারের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও তাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে শেষ হয়।
এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও কোটা প্রথা সংস্কার আন্দোলন কমিটির আহ্বায়ক মাসুদ মুন্নাফ বলেন, ‘বিদ্যমান কোটারীতি বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। এর মাধ্যমে দেশ তার মেধাবীদের হারাচ্ছে।’ এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ইত্তেফাক/ইউবি