স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশে ফেরত আসা সব রোগী ভালো আছেন। আজ রবিবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনা পরবর্তী সর্বশেষ পরিস্থিতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনায় আহত কয়েকজনকে দেশে আনা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি মেডিকেল টিম তাদের চিকিৎসা করছেন। বাংলাদেশে ফেরত আসা রোগী সবাই ভালো আছেন। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’
বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন রোগীদের পাশে ভীড় না করতে স্বজনসহ সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কেউ হাসপাতালে রোগীদের আশেপাশে ভিড় করবেন না। উনারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। উনাদের অগ্রগতি সম্পর্কে আমরা টাইম টু টাইম ব্রিফ করবো।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘নেপালে বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছে। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি, ২৪ জন নেপালি, একজন চীনা নাগরিক। এ দুর্ঘটনার পর পরই প্রধানমন্ত্রীর নির্দেশে মেডিক্যাল টিম গঠন করে আমরা নেপালে পাঠিয়েছি। তারা সেখানে কাজ করছে।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।
ইত্তেফাক/এমআই