বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হলেও আগামী ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সচিবালয়ে নিজ দফতরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের দিকে যাত্রা শুরুর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আগামী ২০২৪ সালে আমরা পুরোপুরি এলডিসি থেকে উৎরিয়ে যাব। তারপরও যেসব দেশ আমাদের জিএসপি (অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা) দেয় তারা ২০২৭ সাল এ পর্যন্ত সুবিধা দেবে। এরপর ওইসব দেশ জিএসপি প্লাস সুবিধা দেবে। এ বিষয়ে সেসব দেশের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
তিনি বলেন, যেসব দেশ আমাদের জিএসপি সুবিধা দেয় না তাদের সঙ্গে এফটিএ চুক্তি করবো। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। বর্তমানে সেটি বিরাজ করছে। বিএনপি তাদের ভুল বুঝতে পেরেছে। তাই আদালতের রায়ে তাদের নেত্রী কারাগারে থাকার পরও তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে এটা ভাল দিক। বাসস
ইত্তেফাক/ইউবি