চলন্ত ট্রেনে এক নারী টয়লেটে থেকে বের হওয়ার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে আখাউড়ার সুজন ঋষিকে (২৫) ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৯টার দিকে আখাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম শরীফুল হক উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই রায় প্রদান করেন। তবে আকটকৃত সুজন ঋষি নিজেকে নির্দোষ দাবি করে জানান, 'আমি কারও কোন ভিডিও করেনি'।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার কৌড়াতুলি গ্রামের সনাতন ঋষির ছেলে সুজন ঋষি চট্টগ্রামের একটি সেলুনে কাজ করেন। সোমবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধুলী ট্রেনে চরে বাড়িতে ফির ছিলেন। টিকেট না পেয়ে ট্রেনের বগির দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি আখাউড়া স্টেশনে আসার আগ মুহূর্তে ওই ট্রেনের মধ্য বয়সী এক নারী যাত্রী টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়ার সময় সুজন তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ওই মহিলা বিষয়টি তার সঙ্গে থাকা লোকজনদেরকে জানালে ট্রেনে সুজনকে মারধর করে। ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতির সময় সুজনকে পুলিশে দেন ট্রেন যাত্রীরা।
আরও পড়ুন: শেরপুরে স্কুলছাত্রী ও গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, দুই লম্পট আটক
পরে পুলিশ সুজনকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে গেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম শরীফুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সুজন ঋষি বলেন, 'আমি কোন অপরাধ করি নাই। আমি লেখাপড়াও জানি না। মোবাইল ফোন সম্পর্কে তেমন কিছু বুঝিও না। ট্রেনে সময় কাটানোর জন্য মোবাইলে ছবি দেখছিলাম। এ সময় কোন ভিডিও হইছে কিনা জানি না'।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম শরীফুল হক বলেন, 'ওই মহিলার লিখিত অভিযোগ ও মোবাইলে ধারণকৃত ভিডিও এবং স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে সুজন ঋষি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে'।
ইত্তেফাক/জেডএইচডি