নেশামুক্ত সমাজ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই: চিফ হুইপ লিটন চৌধুরী

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, নেশা মুক্ত সমাজ গড়তে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তাই সবাইকে লেখাপড়া, খেলাধুলার পাশাপাশি বেশি করে সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চা যদি আমরা ঠিক মত না করি তাহলে সমাজ থেকে সন্ত্রাস ও নেশা যাবে না। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার ইলিয়াছ আহম্মেদ চৌধুরী মিলনায়তনে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সেঙ্গ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় বিশেষ অতিথি হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, বাংলাদেশের প্রথম কালচারাল ইউনিভাসিটি হবে শিবচরে আমি বিশ্বাস করি। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। যেহেতু পদ্মা ব্রিজ হচ্ছে এবং আগামীতে বিমানবন্দর হবে এখানে। তাই শিবচরকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সকাল থেকে শিবচর উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে নূর-ই-আলম চৌধুরী লিটনের উন্নয়নের চিত্র দেখে আমার মনে হয়েছে সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের জন্য শিবচরকে মডেল উপজেলা হিসাবে নেওয়া যেতে পারে। এর আগে সকালে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিবচর পৌরসভার বাবুবাড়ি সংলগ্ন এলাকায় অপরুপ সাজে সজ্জিত রবীন্দ্র সরোবরের শুভ উদ্বোধন করেন।

আরো পড়ুন: নির্যাতিত নারীর জবানবন্দি নেবেন নারী ম্যাজিস্ট্রেট

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, বরহামগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি কাদের খান মিলুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই