যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে রবিবার উবারের স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ির ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। এরপর উবার জানায়, ‘সেলফ-ড্রাইভিং গাড়ির পরীক্ষার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ জানা গেছে, গত রবিবার রাতে অ্যারিজোনার টেম্পেতে রাস্তা পার হওয়ার সময় উবারের ওই গাড়িটির ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, উবারের ওই গাড়িটি ছিল সেলফ-ড্রাইভিং। দুর্ঘটনার সময় অটোনোমাস মোডে রাখা ছিল গাড়িটি। গাড়িতে কোনো যাত্রী না থাকলেও চালকের আসনে এক জন কর্মী ছিলেন। ইলাইনে হার্জবার্গ নামে ৪৯ বছরের ওই নারী সেই সময় রাস্তা পার হচ্ছিলেন। সঙ্গে থাকা সাইকেলটিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। আচমকাই গাড়িটির মুখোমুখি পড়ে যান।
সেলফ-ড্রাইভিং মোডে থাকায় গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালকের আসনে থাকা ওই কর্মী। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে অ্যারিজোনাতেই একটি দুর্ঘটনার পর রাস্তায় সেলফ ড্রাইভিং উবারের গাড়ির পরীক্ষার কাজ বন্ধ করে দিয়েছিল প্রশাসন। রবিবারের দুর্ঘটনার পর অ্যারিজোনার পাশাপাশি সান ফ্রান্সিসকো, পিটসবার্গ, টরন্টোতেও বন্ধ করে দেয়া হয়েছে উবারের সেলফ-ড্রাইভিং গাড়ির চলাচল। ফরচুন।
ইত্তেফাক/সেতু