ওয়ারীতে বাড়িতে ঢুকে মামা-ভাগ্নেকে ছুরিকাঘাত

পুরান ঢাকার ওয়ারীর এক বাড়িতে ঢুকে মামা-ভাগ্নেকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। আহতরা হলেন- ব্যবসায়ী বদন ঘোষ ও তার ভাগ্নে দীপক ঘোষ। গতকাল বুধবার রাতে ওয়ারীর বনগ্রাম রোডের ৮৬/৮৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
 
স্বজনরা পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বদন ঘোষের বড় ভাই শংকর ঘোষের অভিযোগ, প্রতিবেশী যুবক রকি অনেকদিন ধরে তাদের বাড়িটি দখলের চেষ্টা করে আসছিলেন। প্রায়ই তিনি হুমকি-ধমকি দিয়ে সবাইকে বাড়ি ছেড়ে দিতে বলেন। এর আগেও একবার তিনি এই পরিবারের সদস্যদের মারধর করেছিলেন। সর্বশেষ গতকাল রাত ১০টার দিকে তিনি বাসায় ঢুকে দু’জনের পেটে-বুকে ছুরিকাঘাত করেন। রকি চিহ্নিত সন্পাসী ও মাদক ব্যবসায়ী বলে দাবি শংকর ঘোষের।
 
রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।