ঢাবি তিন শিক্ষার্থীকে র‌্যাবের তুলে নেয়ার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) কর্তৃক তুলে নেয়ার অভিযোগ উঠে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উপাচার্য ভবন সংলগ্ন কলাভবনের গেট থেকে তাদের তুলে নেয়া হয়।

তুলে নেয়া তিন ছাত্র হলো তানভীর, ফয়সল ও হিমেল। এর মধ্যে তানভীর বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। অন্য দুইজনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ঢাবি ছাত্র জানান, ‘মোটরসাইকেলে ওই তিন ছাত্র র‌্যাবের একটি হাই-এস মডেলের গাড়িকে কোন এক কারণবশত আটকায়। ওই তিন ছাত্র গাড়ির চালককে বের হয়ে আসতে বলে। কিন্তু চালক না বেরিয়ে এলে তারা গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। পরে গাড়ি থেকে ১০-১২ জন পোশাক পরিহিত র‌্যাব সদস্য বের হয়ে এসে তাদের বন্দুক ঠেকিয়ে বেদম মারধর শুরু করে। মোটরসাইকেলের হেলমেট দিয়ে র‌্যাব সদস্যরা ছাত্রদের আহত করে।’

ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি সাদা রঙের অ্যাপাচি মোটর-বাইক ( নং ২৮৯৫১৭) ও ছোপ ছোপ রক্ত পড়ে থাকতে দেখা যায়।

পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য ও কয়েকজন সহকারী প্রক্টর যান। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা বিশ্ববিদ্যালয়ের পথে আগত বিভিন্ন রুটের গাড়ি আটকাতে থাকে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানসহ সংগঠনটির কয়েকজন সিনিয়র নেতা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সহকারী প্রক্টর সোহেল রানা তুলে নেয়া তিন ছাত্রকে ছেড়ে দেয়া হয়েছে জানালে ছাত্ররা শান্ত হয়।  

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম রাব্বানী ইত্তেফাককে বলেন, কি হয়েছে আমি জানার চেষ্টা করছি। ছাত্রদের ছেড়ে দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনও কনফার্ম না। আমি পরে জানাবো।

ইত্তেফাক/নূহু