নারীর অগ্রযাত্রায় সরকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নারী সমাজের অগ্রযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মূল্যায়ন করে শিক্ষায়, উন্নয়নে, এবং কর্মসংস্থানে ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে।
 
ঈশ্বরদীর আওতাপাড়া নূরজাহান উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে শুক্রবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সর্বস্তরে নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করেছেন। প্রশাসন ছাড়াও বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ এবং আনসার বাহিনীতেও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বর্তমান সরকার নিশ্চিত করেছে। চাকরিতে নারী কোটা শতভাগ পূরণ করা হচ্ছে।
 
পরিচালনা কমিটির সভাপতি আতিয়ার রহমান ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, মাহমুদা খাতুন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, আওয়ামী লীগ নেতা মুরাদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ খালেকুজ্জামান।
 
ইত্তেফাক/আরকেজি