দেশের জনগণ ঘাতকদের আর ক্ষমতায় আসতে দেবে না : নাসিম

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ দেশের জনগণ ঘাতকদের আর ক্ষমতায় আসতে দেবে না। ২০১৮ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে ভোটের বাক্সে ভুল করলে  আবার জঙ্গিবাদের উত্থান হবে। ঘাতকেরা ক্ষমতায় এসে কৃষক শ্রমিক গণতন্ত্র প্রিয় মানুষকে খুন করবে। 
 
শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন। 
 
রায়গঞ্জ পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ। বক্তব্য দেন আমজাদ হোসেন মিলন এমপি, রাকসু’র সাবেক ভিপি নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, আলহাজ আব্দুল হান্নান খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, সাখাওয়াত হোসেন সুইট, আব্দুল হক, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লহ আল পাঠান প্রমুখ। 
 
বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেছেন, কেউ তাকে (খালেদা জিয়া) জেলে রাখতে চায় না। আইনের মাধ্যমেই তাকে মুক্ত হতে হবে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। 
 
তিনি স্বাস্থ্যখাতসহ দেশের বিভিন্নমুখী উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে দেশের চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর  নির্মাণ কাজ শুরু করেছেন। সেই স্বপ্নের সেতু এখন সুর্য্যরে আলোর মতো দৃশ্যমান হয়েছে।
 
ইত্তেফাক/ইউকি