বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার রাজধানীর পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বায়তুল মোররমের উত্তর গেট হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মিছিলে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে সরকার নির্বাচনের যে নীলনকশা করছে তা ছাত্রদল কখনো হতে দেবে না। ছাত্রদল পাতানো নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করবে। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ছাত্রদল। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। এবং তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামী দিনে ছাত্রদলের নেতারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
নেতারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জীবনের বেশিরভাগ সময় সংগ্রাম করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এক নিষ্ঠুর অবিচারের শিকার তিনি। জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে তাকে দীর্ঘদিন বন্দি করে রাখার অশুভ নীলনকশার আলামত দেখা যাচ্ছে এবং বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে সরকার বাধা দিচ্ছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় নেতা এজমল হোসেন পাইলট, আলমগীর হাসান সোহান, মামুন বিল্লাহ, নাজমুল হাসান, আবদুল ওয়াহাব, নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, জয়দেব কুমার জয়, মনিরা আক্তার রিক্তা, কাজী মোখতার হোসেন, শওকত আরা উর্মি, শাহিনুর নার্গিস, আরিফা সুলতানা রুমা, সঞ্জয় দে রিপন, স্বপন মন্ডল, আকন মামুন, আবুল বাশার, রফিকুল ইসলাম রফিক, আশিফুর রহমান বিপ্লব, খন্দকার এনামুল হক এনাম, গিয়াস উদ্দিন মানিক, খালিদ হাসান জ্যাকি, মাসুম বিল্লাহ মামুন, নাহিদুল ইসলাম নাহিদ, এম এ গাফ্ফার, শফিকুর রহমান নাদিম, শাফায়াত রাব্বি আরাফাত, আবদুর রহীম সৈকত, মাহতাব উদ্দিন জিমি, আব্দুস সাত্তার প্রমুখ।
ইত্তেফাক/নূহু