স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ

বাংলাদেশ ঠিক পথেই আছে :জাতিসংঘ

জাতিসংঘ মনে করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই অগ্রসর হচ্ছে। অর্জিত সাফল্যকে ধরে রাখতে ও আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে। মধ্যম আয়ের দেশের ফাঁদ পরিহার করতে বাংলাদেশকে উদ্ভাবনীমূলক কার্যক্রম, উত্পাদনশীলতা, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন অগ্রগতি, বৈষম্য বিলোপের মতো পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করে জাতিসংঘ।

জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান হাওলিয়াং সু গতকাল রবিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। গুলশানে ইউএন উইমেন অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপ চারিতায় জাতিসংঘ কর্মকর্তা বলেন, এখনো বাংলাদেশকে আরো অনেক দূর যেতে হবে। বাংলাদেশকে উন্নয়নে ক্রমবর্ধমান শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা নিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে হবে। এলডিসি থেকে উত্তরণের ফলে কিছু সুবিধা থেকে বঞ্চিত হবে। তবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পাওয়ার পর আরো অনেক বেশি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। বৈষম্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও চাকরির সুযোগ সৃষ্টির মতো জটিল সমস্যাগুলো বাঙলাদেশকে অতিক্রম করতে হবে। তবে আমরা নিশ্চিত- এসব চ্যালেঞ্জ ও প্রতিকূল পরিস্থিতির উত্তরণ ঘটাতে সক্ষম হবে বাংলাদেশ। তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা খুঁজে পাবে এ দেশে। জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার ও সকল অংশীদারকে একযোগে কাজ করতে হবে। জাতিসংঘ তথ্য কেন্দ্রের প্রধান তথ্য কর্মকর্তা এম মনিরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু