নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমান বন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আহত শাহীন ব্যপারীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সোমবার ঢাকা মেডিকেল সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৮ মার্চ বিকেলে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে শাহীন ব্যাপারীকে দেশে ফেরত আনা হয়। এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত রবিবার ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে শাহীনের দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়েছিল। সোমবার অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
৪২ বছর বয়সী শাহীন ব্যাপারীর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। দেশে তার স্ত্রী কন্যা রয়েছে। তিনি একাই গিয়েছিলেন নেপালে ঘুরতে। গত ১২ মার্চ ইউএস বাংলা এয়ার লাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত হন ৪৯ জন তার মধ্যে বাংলাদেশি ২৬ জন। আহত ৬ জন যাত্রীকে পর্যায়ক্রমে দেশে নিয়ে আসা হয়েছে। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ভারত ও সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। দেশে ফেরত আসা অন্যরাও ঢামেকে চিকিৎসাধীন।
ঢামেকে নিয়ে আসার পর বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তার সামন্ত লাল জানিয়েছিলেন, শাহীন ব্যাপারীর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। তিনি এখনো বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ফ্র্যাকচুয়েট করছে। তবে পরে চিকিৎসক সামন্ত লাল জানান, শাহীন ব্যাপারীর পুড়ে যাওয়া অংশের পরিমাণ ধারণার চেয়েও দ্বিগুণ।
ইত্তেফাক/কেআই