গাজীপুরে রিকশা চালক হত্যায় যুবকের যাবজ্জীবন

গাজীপুরে রিকশা চালককে হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
দণ্ডপ্রাপ্ত আসামির নাম শ্রী রাজবংশী (৩৮)। তিনি টাঙ্গাইলের বাসাইল থানার দাহাপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে।
 
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, মানিক রাজবংশীর স্ত্রী রাধি এবং অজয় চন্দ্র দাসের স্ত্রী হিরণ রাণী দাস সম্পর্কে খালাতো বোন। তারা পরিবার নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রিকশা চালাতো। পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ১২ মে সকালে অজয় চন্দ্র দাসকে বাড়ি থেকে সাতাইশ চৌরাস্তা এলাকায় ডেকে নিয়ে মানিক রাজবংশী তাকে (অজয় চন্দ্র দাসকে) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা হাতুড়িসহ মানিক রাজবংশীকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুত্বর আহত অজয়চন্দ্র দাসকে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পরে অজয় চন্দ্র দাস হাসপাতালে মারা যায়।
 
এ ব্যাপারে নিহতের স্ত্রী হিরণ রাণী দাস বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষগ্রহণ শেষ মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে মো. ওয়াহিদুজ্জামান আকন (তমিজ) মামলা পরিচালনা করেন।
 
ইত্তেফাক/এসএস