তারের জঞ্জালমুক্ত শহর চাই

পরিচ্ছন্ন শহর চাই—রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা শহর। এমনকি উপজেলা শহরগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও মিলছে না সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ। প্রায় প্রতিটি শহরের অলিগলি এমনকি রাজপথে হাঁটলে দেখা যায়, যত্রতত্র ইন্টারনেট এবং ডিশলাইনের তারগুলো মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে অগোছালো এবং অনিরাপদ ভাবে। যার অধিকাংশ তার বা লাইন নষ্ট। কোনো তারের সংযোগ নষ্ট হলে তা সম্পূর্ণ সরিয়ে না নিয়ে, ফেলে রাখা হয় সেই ল্যাম্পপোস্টে। অতিরিক্ত এসব অব্যবহূত তারের ফলে শহরের সৌন্দর্য যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে এসব তারের মাধ্যমে বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে শহরবাসী। সাম্প্রতিক ঢাকা শহরে অগ্নিকাণ্ড এবং দ্রুত তা ছড়িয়ে পড়তে ব্যাপক ভূমিকা রাখে এইসব অনিরাপদ ও অরক্ষিত তার। যাঁরা ইন্টারনেট এবং ডিশের লাইন সংযুক্ত করেন, তাঁরা যদি অব্যবহূত তার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলেন, তাহলে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অনেক দুর্ঘটনা থেকেও রক্ষা পাবে শহরবাসী। তাই সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ইন্টারনেট ও ডিশলাইনের অগোছালো তার সরিয়ে ফেলা এবং কিছু নিয়ম বেঁধে সেগুলোর সংযোগ দিতে বাধ্য করতে বিনীত অনুরোধ করছি।

মো. শাকিল হোসেন

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়