বাংলাদেশে অধিক বিনিয়োগে বিদেশিদের প্রতি চিফ হুইপের আহ্বান

চিফ হুইপ আ স ম ফিরোজ বাংলাদেশে আরো অধিক বিনিয়োগ করতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে স্বাধীনতার ৪৭তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদানকারী বিদেশিদের প্রতি এ আহ্বান জানান। 
 
চিফ হুইপ আ স ম ফিরোজ জেনেভায় অনুষ্ঠিত ১৩৮তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়। চিফ হুইপ বাংলাদেশের স্থপতি এবং স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা সংগ্রামে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
 
তিনি বাংলাদেশের সাফল্যের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৪৭ বছর উদযাপন করছে এক গৌরবজ্জল সময়ের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। 
 
তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। বিনিয়োগের জন্য এখানে সহজলভ্য জনশক্তি এবং শিল্পায়নের জন্য সব ধরনের সুয়োগ সুবিধা রয়েছে। তাই বিদেশিদের জন্য বাংলাদেশে বিনিয়োগ করাটা নিরাপদ এবং লাভজনক।
 
অনুষ্ঠানে সুইজারল্যান্ডে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী মিশন প্রতিনিধিগণসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আইপিইউ সম্মেলনে যোগদানকারী বাংলাদেশ প্রতিনিধিদলের সকল সদস্য এ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এম শামীম আহসান। বাসস।
 
ইত্তেফাক/এমআই