শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকরাও অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে তারা মাহিদ হত্যকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সিলেটে অবস্থানরত সকল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি করেন।
মানববন্ধন শেষে একই স্থান হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরবর্তীতে ক্যাম্পাস থেকে বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করে। তারা আধা ঘণ্টা চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সিলেটবাসীর পক্ষ থেকে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানসহ সিলেট বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ একাত্মতা পোষণ করেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
পরবর্তীতে চৌহাট্টা থেকে দুপুর দেড়টায় সিলেট জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক নুমেরী জামান স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, গত রবিবার গভীর রাতে সিলেট নগরের কিন ব্রিজ সংলগ্ন এলাকায় মাহিদকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।
ইত্তেফাক/ইউবি