ঢাবির চারুকলা বিভাগ ও ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ১০ জন ছাত্র আহত হয়েছে। আহতদের মধ্যে  রনি (২১), শামীম (২১), আবীর (২২) সহ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নিউমার্কেটের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শাহনেওয়াজ হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ঘটনার সূত্রপাত বলে পুলিশ জানিয়েছে।

নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা চারুকলা বিভাগের দুই শিক্ষার্থীকে মারপিট করে। এ সময় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনার এক ঘন্টা পর ঢাকা কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী শাহনেওয়াজ হলের সামনে জড়ো হয়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা কলেজের আহত শিক্ষার্থী আবীর অভিযোগ করেন, নিউমার্কেটের বিজয় কর্ণার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনার সূত্রপাত হয়। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা হঠাৎ করেই তাদের ওপর চড়াও হয়। তারা নিজেদের এলাকা দাবি করে তাদের ওপর হামলা চালায়।

ঢাবির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকা কলেজের ছাত্ররা শাহাদাত নামে ঢাবির এক ছাত্রকে মারধর করে। ওই খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় গিয়ে ঢাকা কলেজের  ছাত্রদের মারধর করে। এ সময় উভয় পক্ষ লাঠিসোটা ও রাম দা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

হাসপাতালে ভর্তি ছাত্রের মধ্যে ঢাকা কলেজের হাফিজ, শামীম, রাব্বি, আল আমিন, আবীর ও ঢাবির শাহাদাত রয়েছেন।

ইত্তেফাক/নূহু