মীর মো. দিদারুল হোসেন টুটুল,সীতাকুণ্ড সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত দেশের অন্যতম বৃহত্ শিল্প প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) ভুয়া রপ্তানি দেখিয়ে সরকারের ১ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি রপ্তানি দেখিয়ে সরকারের কাছ থেকে বিশাল অঙ্কের প্রত্যর্পণের আর্থিক সুবিধা নিয়েছে। অন্যদিকে রপ্তানি দেখানোয় স্থানীয় বাজারে বিক্রির বিপরীতে প্রযোজ্য ভ্যাটও পরিশোধ করতে হয়নি। চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের অনুসন্ধানে এ ফাঁকি বের হওয়ার পর প্রতিষ্ঠানটিকে অর্থ পরিশোধের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ওই অর্থ পরিশোধ করেনি। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট অফিস।
চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জুন থেকে গত বছরের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার ৮১ টন পরিমাণ রড বিক্রি করলেও তা রপ্তানি হিসেবে দেখায়। এতে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ৪ লাখ ৪৪ হাজার টাকা। এছাড়া রপ্তানির বিপরীতে সরকারের সহায়তা হিসেবে (প্রত্যর্পণ) এক কোটি ৪১ লাখ টাকার সুবিধা নেয় কেএসআরএম। সবমিলিয়ে এক কোটি ৪৮ লাখ ৫৬ হাজার ৭১৫ টাকা ফাঁকি দেয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি সরকারের ভ্যাট ফাঁকি দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ টাকা সরকারের কাছ থেকে অবৈধ পন্থায় নিয়ে গেছে।
চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের সাবেক কমিশনার (বর্তমানে এনবিআর সদস্য) সৈয়দ গোলাম কিবরীয়া ইত্তেফাককে বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে রাজস্ব ফাঁকির দালিলিক প্রমাণ পাওয়া গেছে। ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য ১৫ দিনে সময় বেঁধে দেওয়া হলেও পরিশোধ করেনি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবশ্য ইস্যুটি নিয়ে কেএসআরএম’র কোনো কর্মকর্তা কথা বলতে চাননি।