‘‌খালেদা জিয়ার সাজা বাড়ানোর দুদকের আবেদন বেআইনি’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুদক কর্তৃক রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরূপে বেআইনি। উচ্চ আদালতের বিচারকেরা রিভিউ পিটিশন বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। এটি অত্যন্ত সুস্পষ্ট যে- রিভিউ পিটিশনটি দুদক স্বপ্রণোদিত হয়ে করেনি, সরকারের নির্দেশেই দুদক এটি করেছে। খালেদা জিয়াকে আরো বেশি হয়রানি করার উদ্দেশ্য। পিটিশন দাখিল সম্পূর্ণ হীন রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও বেআইনি।
 
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
 
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুদক কর্তৃক রিভিউ পিটিশন দাখিল দুদকের আইনে নেই। উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন, বিষয়টি আইনে আছে কী না সেটির ব্যাখ্যা প্রয়োজন। তাঁরা আরও বলেছেন, যেহেতু উভয়পক্ষই বিষয়টি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছেন সেহেতু ব্যাপারটির ব্যাখ্যা প্রয়োজন।
 
রিজভী অভিযোগ করে বলেন, আজ দেশের কয়েকটি অঞ্চলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনগুলোতে আগের মতোই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে। নির্বাচনকে ঘিরে হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের আগের সেই পুরনো রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। ইতিমধ্যে টাঙ্গাইলের কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুপ্তবিন্দ্যাবন কেন্দ্রে ব্যালট পেপারে সীল মারার সময় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল মালেক প্রতিবাদ করলে সন্ত্রাসীরা নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন নাজিরহাট পৌর নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র আহ্বায়ক সারোয়ার আলমগীরের বাড়িতে হামলা এবং আহমদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সবকিছু জেনেও নির্বাচন কমিশনের নিশ্চল, নির্বিকার ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।
 
‘নির্বাচনকালীন সরকার হবে বর্তমান সংসদে প্রতিনিধিত্বশীল সদস্যদের নিয়ে’- গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনি (কাদের) ঠিকই বলেছেন, কারণ এজন্যই আপনি কয়েকদিন আগে বলেছিলেন, সামনে নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত এটি শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সুতরাং একতরফা নির্বাচন করতে আপনারা যে সবকিছু ঠিকঠাক করে রেখেছেন এটি কারো জানতে বাকি নেই। বর্তমান সংসদে তো জনগণের কোনো প্রতিনিধি নেই। এরা গণতন্ত্রকে ‘দূরের তারা’ বানিয়েছেন।
 
তিনি বলেন, জনগণ বর্তমান ভোটারবিহীন সরকারের খায়েশ পূরণ হতে দেবে না। জনগণের স্মৃতির পর্দা ঝাঁপসা নয়, তারা জানে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো বর্তমান সংসদের প্রতিনিধিদের নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়ে নির্বাচন হলে সেটি হবে সাম্প্রতিককালের সেরা প্রহসন। তাই এবার গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে না বর্তমান গণবিরোধী সরকার।
 
ইত্তেফাক/কেকে