রানা প্লাজার মালিকের মায়ের ৬ বছর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগমকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামে থাকা সাভার বাজার রোডের একটি পাঁচ তলা বাড়ির এক তৃতীয়াংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। 
 
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস এ রায় দেন। রায়ের পরই আসামিকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত। 
 
২০১৫ সালের ১২ এপ্রিল দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদি হয়ে মর্জিনার বিরুদ্ধে রমনা থানায় অবৈধ সম্পদ অর্জনের মামলা করেন। এর আগে তাকে নোটিশ দেয়া হয়। নোটিশ পেয়ে ২০১৩ সালের ২১ নভেম্বর মর্জিনা তার সম্পদের হিসাব দাখিল করেন। সেখানে ৪ কোটি ৮২ লাখ ৬৩ হাজার ৭৬৮ টাকার স্থাবর এবং ১ লাখ ৩০ হাজার টাকার অস্থাবর সম্পদ দেখানো হয়। ওই সম্পদের মধ্যে সাভার বাজার রোডে চার শতক জমির উপর একটি পাঁচ তলা বাড়ির এক তৃতীয়াংশ, আরেকটি খতিয়ানে ৪১ শতক জমির ৪০ শতাংশ, সাভার বাজার রোডের বি-৬৯/১ নম্বর হোল্ডিংয়ে পাঁচ তলা একটি ভবনের এক তৃতীয়াংশ এবং রানা প্লাজার ৪০ শতাংশের মালিকানা দেখানো হয় রানার মা মর্জিনার নামে। কিন্তু তদন্ত করে দুদক একটি বাড়ির নির্মাণ ব্যায়ের ৪২ লাখ ২০ হাজার ৪৪৮ টাকা এবং রানা প্লাজা নির্মাণে ছয় কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৪২ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায়। ওই অভিযোগপত্র দাখিলের পরই শুরু হয় বিচার। বিচার শেষে আজ এ রায় দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি