রাহুল নয়, তাকে কেন্দ্র করেই হোক বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্ট জোট। এমনটাই চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তবে সোনিয়া গান্ধী চাইছেন জোটের নেতৃত্ব থাক কংগ্রেসের হাতে। সেই জোটে মমতাও যোগ দিন।
তবে তৃণমূল সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর সামান্যই আগ্রহ আছে সোনিয়ার প্রস্তাবের ব্যাপারে। মমতা তাকে জানিয়ে দিয়েছেন, বিজেপিবিরোধী জোটের নেতৃত্বে যদি তৃণমূল কংগ্রেস না থাকে তবে আলাদা জোটের মাধ্যমে ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়াই হবে। কংগ্রেসও তার মতো করে নির্বাচনী মাঠে নামুক।
জানা গেছে, বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে দিল্লিতে তৎপরতা তুঙ্গে উঠেছে। আগামী বছর লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ বিরোধী জোট গঠনের লক্ষ্যে ঘুরছেন মমতা। তিনি চান, প্রস্তাবিত জোট যদি সরকার গড়ার মতো পরিস্থিতিতে আসে, তাহলে কংগ্রেস তাকে বাইরে থেকে সমর্থন করুক।
কিন্তু দীর্ঘদিনের লড়াইয়ের জমি ছেড়ে দিতে চাইছে না কংগ্রেস। ভবিষ্যতে জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে হলে মমতাকে তা করতে হবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেই। আর মমতা চাইছেন, চন্দ্রশেখর, এইচ ডি দেবগৌড়া কিংবা আইকে গুজরালের সরকার গড়ার সময় যেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আগামী নির্বাচনে তেমনটাই হোক।
ইত্তেফাক/মোস্তাফিজ