স্মিথকে জায়গা দিতেই হ্যান্ডসকম্ব বাদ!

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের দল থেকে পিটার হ্যান্ডসকম্বের মতো ফর্মে থাকা খেলোয়াড়কে বাদ দেওয়াটা খুব কঠিন একটা সিদ্ধান্ত ছিল— এমনটা মানছেন স্বয়ং কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি স্বীকার করে নিলেন যে স্টিভেন স্মিথের মতো ‘সর্বকালের সেরা’দের একজনকে জায়গা দিতে গিয়েই কপাল পুড়েছে হ্যান্ডসকম্বের।

চলতি বছর ১৩ ওয়ানডেতে এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে তার ব্যাটিং গড় ৪৩.৫৪, স্ট্রাইক রেট ৯৮.১৫। গত মাসে ভারত সফরে মোহালিতে ৩৫৯ রান তাড়া করে জয়ের ম্যাচে খেলেছিলেন ১০৫ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস। তার ওপর উইকেটরক্ষক বলেই কি না, দলে তার জায়গাটা পাকাই ছিল। তবে, সব হিসাব-নিকাশ পাল্টে ফেললো তার এই বাদ পড়া। এখন অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক হিসেবে আছেন কেবল অ্যালেক্স ক্যারে।

কোচ জাস্টিন ল্যাঙ্গার আক্ষেপ করেছেন হ্যান্ডসকম্বের জন্য। আরএসএন রেডিওকে তিনি বলেন, ‘দল নির্বাচন সব সময়ই কঠিন একটা কাজ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর মধ্যে শেষ দিনটাতে কোচ হিসেবে আমাকে নির্মম হতে হয়েছে। পিটারকে বাদ দেওয়ার ব্যাপারটা খুবই কঠিন ছিল। ও বিশ্বমানের খেলোয়াড়। আমি ওর সাথে কথা বলেছি।’

জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, ব্যাটিং অর্ডারে হ্যান্ডসকম্ব ও স্টিভেন স্মিথের ভূমিকাটা অনেকটা একইরকম। সেকারণেই হ্যান্ডসকম্বকে বলি হতে হয়েছে সাবেক অধিনায়কের সামনে। তিনি বলেন, ‘আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, হ্যান্ডসকম্ব বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ওকে যা বলা হয়েছিল, ভারত ও আরব আমিরাতে ও ঠিক সেই ভূমিকাটাই পালন করেছে। ওকে দেওয়া সব কাজ ও ঠিকঠিক করেছে। ও দারুণ ভাবে ফিট। কিন্তু আমরা শেষে এসে বুঝেছি যে, একাদশে স্মিথ ও পিটারের ভূমিকাটা একই হবে। আর স্মিথ অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসেই সর্বকালের সেরাদের একজন।’

ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, আগামী এক জুন। বিশ্বকাপের আগে আগামী ২৫ ও ২৭ মে প্রস্তুতি ম্যাচ যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিন দলটি। 

এর আগে আসছে ২ মে থেকে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পুরোদমে প্রস্তুতি শুরু হবে অজিদের। সেই প্রস্তুতি চলাকালেই নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাস্টিন ল্যাঙ্গারের দল। যদিও, এই ম্যাচ তিনটির আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই।

এই ক্যাম্পাকে সামনে রেখেই বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এই দু’জনকে ফেরায় অজিদের শক্তিমত্তা আরো বাড়বে বলে মন্তব্য করলেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘১২ মাস আগেই আমি বলেছিলাম, ওদের দু’জনকে আবারো ঘাম ঝরিয়েই দলে ফিরতে হবে। সেটা ­ওরা করতে পেরেছে। এখন দলটা রীতিমতো উড়ছে। ওরা ফেরায় আমরা আরো শক্তিশালী হয়ে উঠবো। ওরা গ্রেট ক্রিকেটার, যেকোনো সময়ই যে দলে ওদের জায়গা আছে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই।’