ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের একমাত্র গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে জয়ে ফিরেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে এই জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে সেরা চারে উঠে এসেছে উনাই এমেরির শিষ্যরা। আগের ম্যাচে এভারটনের কাছে একই ব্যবধানে হেরে শীর্ষ চারের স্বপ্নে বড় ধাক্কা লেগেছিলো গানারদের। তবে দলটির স্প্যানিশ কোচ জানিয়েছিলেন, সেরা চারে থাকাটা নিজেদের পারফর্মেন্সের উপরই নির্ভর করছে। এই ম্যাচে তা প্রমাণ করেছে আর্সেনাল। জয়ের পর এমেরি বলেন, ‘এই তিনটি পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। রক্ষণে প্রতিপক্ষের লম্বা বল ঠেকাতে ও সেট পিসের মূহুর্তগুলোতে আমাদের কাঠামো ধরে রাখতে এবং ধারাবাহিক হতে পরিশ্রম করেছি আমরা।’