‘অবিশ্বাস্য’ স্পার্সকে সমীহ সিটির

স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি  লেগে নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে। প্রথম লেগের প্রতিপক্ষের মাঠ থেকে নিয়ে আসা এক গোলের ঘাটতি পোষাণোই লক্ষ্য থাকবে পেপ গার্দিওলার দলের। প্রতিযোগিতার অন্য ম্যাচে লিভারপুল দুই গোলে এগিয়ে থেকে পোর্তোর আতিথ্য গ্রহণ করবে।

চলতি সপ্তাহে তিন দিনের ব্যবধানে দুইবার টটেনহ্যামের মুখোমুখি হবে সিটি, যার কোনোটিই কম গুরুত্বপূর্ণ নয়। আজ রাতে কিংবা শনিবার সন্ধ্যার কোনো ম্যাচে পা হড়কালেই শিরোপা চতুষ্টয়ের কক্ষপথ থেকে ছিটকে পড়বে গার্দিওলার দল। এমন অবস্থায় প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন স্প্যানিশ এই কোচ। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা, যেখানে ১১ মাসের মতো সময় থাকতে হয় আপনাকে। তবে এই ম্যাচ মোটেও প্রথম লেগের মতো হবে না। আমাদের গোল করতে হবে এবং আরো বেশি নিয়ন্ত্রণ প্রয়োজন আমাদের।’ 

প্রথম লেগে সিটি খেলোয়াড় ফিল ফোডেনের সঙ্গে এক সংঘর্ষের ফলে চোট পেয়ে মৌসুমটাই শেষ হয়ে গেছে টটেনহ্যাম ফরোয়ার্ড হ্যারি কেইনের। তবে গার্দিওলার বিশ্বাস ইংলিশ ফরোয়ার্ডটি ছাড়াও প্রতিপক্ষ বেশ শক্তিশালী। তিনি বলেন, ‘টটেনহ্যাম অবিশ্বাস্যভাবে সেরা একটি দল, সেটা হ্যারি কেইনকে ছাড়াও।’

এমন প্রতিপক্ষের মুখোমুখি হবার আগে দল থেকে আরো উন্নতি কামনা করলেন পেপ। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। ফুটবলে আপনার অর্জনের চেয়ে হারাবার আশঙ্কা থাকে বেশি। আমরা আমাদের সেরাটাই ঢেলে দেবো এবং আগামীকাল (আজ) দেখবো কি ঘটে।’

গার্দিওলার সাবেক দল বার্সেলোনার বিপক্ষে ফাইনালে খেলার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে এবার সিটির সামনে। তবে সাবেক বার্সেলোনা কোচ প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চান। তিনি বলেন, ‘আমি এতদূর ভাবিনি। আমি সেমিফাইনালে যেতে চাই এবং এরও আগে ভালো একটা ম্যাচ খেলতে চাই। এটাই আপাতত আমার একমাত্র স্বপ্ন।’

এদিকে প্রথম লেগে পোর্তের বিপক্ষে পাওয়া ২-০ গোলের জয়ের পরেও স্বস্তির নিশ্বাস ফেলছেন না লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ। জার্মান এই কোচের বিশ্বাস দুই গোলে পিছিয়ে পড়া পর্তুগীজ দলটি পাল্টা আক্রমণের জন্য মুখিয়ে আছে।  ক্লপের ভাষায়, ‘খেলাটা এখনো শেষ হয়ে যায়নি। এখানে আমাদের লড়াই করে যেতে হবে। পোর্তোর চেষ্টা থাকবে লড়াইয়ে ফিরে আসার। কঠিন এক ম্যাচই হতে যাচ্ছে এটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মতো মঞ্চে এমনটাই আশা করেন আপনি। এখনো অনেক কাজ করা বাকি, তাদের পরিবেশ খুব কঠিন এবং তীব্র হতে যাচ্ছে।’

আজকের খেলা

ম্যান সিটি-টটেনহ্যাম

পোর্তো-লিভারপুল