যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এবার থেকে আবেদনকারীকে নিজের সোশ্যাল মিডিয়ার সমস্ত তথ্য তুলে দিতে হবে। কেবল তাই নয়, অতীতে ব্যবহৃত ফোন নম্বর, ই-মেইল ঠিকানার তথ্য জানাতে হবে মার্কিন প্রশাসনকে। আবেদনকারীর পরিচয় ‘যাচাই’ করার জন্যই এই তথ্যগুলো ভিসা দপ্তরে দিতে হবে যাতে দেশের জন্য ক্ষতিকর এমন কোনো ব্যক্তির হাতে ভিসা না যায়। বৃহস্পতিবার এই নতুন নীতি চালু করেছে মার্কিন প্রশাসন। খবর রয়টার্সের
আমেরিকার অভিবাসী নন এমন ব্যক্তিরা ভিসার জন্য আবেদন করলে নতুন ভিসা আইনের আওতায় পড়বেন। নতুন নিয়মের ফলে ৭ লাখ ১০ হাজার অভিবাসী এবং ১ কোটি ৪০ লাখ অভিবাসী নয় এমন ভিসা আবেদনকারীর ওপর প্রভাব পড়বে। এবার থেকে ভিসার জন্য আবেদনকারী সোশ্যাল মিডিয়ায় কী ধরনের কার্যক্রম চালিয়েছে, কোন কোন গ্রুপের সঙ্গে যুক্ত বা কী ধরনের পোস্ট করে থাকে তার সবই খতিয়ে দেখবে মার্কিন প্রশাসন।
ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য কোনোভাবে ক্ষতিকর কিনা তা তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট এবং কার্যক্রম দেখেই বিচার করা হবে। শুধু তাই নয়, আবেদনকারীর পরিবারের কোনো নিকট বা দূরের সদস্য জঙ্গি কাজকর্মের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হবে। এসব তথ্য জানানোর জন্য ভিসা আবেদনকারীকে ৬০ দিনের সময় দেওয়া হবে।
ইত্তেফাক/মোস্তাফিজ