সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে ইসরাইলপন্থী বিভিন্ন গ্রুপের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার এই সাক্ষাৎ নিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে সমালোচনা হচ্ছে। সাধারণত সৌদি আরবের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার ইসরাইলপন্থি কারো সঙ্গে এই ধরনের সাক্ষাতের ঘটনা ঘটে না। খবর আল জাজিরা’র
সৌদি যুবরাজ যেসব গ্রুপের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেগুলো ফিলিস্তিনের এলাকায় অবৈধ ইহুদি বসতি গড়ায় এবং ফিলিস্তিনিদের ওপর হামলায় হতাহতদের লাখ লাখ ডলার সহায়তা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশন), আইপ্যাক, এডিএল এবং জিউশ ফেডারেশন অব নর্থ আমেরিকা (জেএফএনএ)।
ইসরাইলি পত্রিকা হারেত্জ জানিয়েছে, এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ সালমান ‘বি নাই বার্থ’ এবং দ্য আমেরিকান জিউশ কমিটির (এজেসি) সঙ্গেও সাক্ষাৎ করেছেন। জেএফএনএ ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে অবৈধ ইহুদি বসতি স্থাপনে ৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল। সৌদি আরব ইসরাইলকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে সম্প্রতি ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সচেষ্ট হয়েছেন সৌদি যুবরাজ।
ইত্তেফাক/মোস্তাফিজ