কেসিসির পৌরকর আদায় মেলা শুরু

খুলনা অফিস

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পক্ষকালব্যাপী পৌরকর আদায় মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কেসিসি চত্বরে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ বছর ৮৩ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।                                                                

উদ্বোধনী বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশের বাজেট এখন স্বনির্ভরশীল। সারাদেশের মতো খুলনাতেও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ সকল উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নগরবাসীর এগিয়ে আসতে হবে। সময়মত পৌরকর পরিশোধ না করলে উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক  সেবাসমূহ ব্যাহত হয়।

এ সময় তিনি মেলা চলাকালীন পৌরকর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা দেন।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, আবুল কালাম আজাদ বিকু প্রমুখ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।