সাম্প্রদায়িক সহিংসতা

আসানসোল ইন্টারনেট বন্ধ, যাচ্ছেন রাজ্যপাল ও বিজেপি নেতারা

সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষিতে পশ্চিম বঙ্গের আসানসোলে ইন্টারনেট সেবার উপরে নিষেধাজ্ঞা বাড়িয়ে ৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।’ 
 
তবে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসানসোল শহরের মধ্যে অনেক জায়গায় শিবির করছে পুলিশ। আসানসোলের কিছু এলাকায় পরিস্থিতি অবশ্য শুক্রবারেও স্বাভাবিক হয়নি। এ দিন আসানসোল বাজারের একাংশ খুলেছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুর কাটেনি। 
 
এদিকে সহিংসতার বিষয়ে সরেজমিন খোঁজ নিতে পশ্চিম বঙ্গের আসানসোলে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। চার জনের ওই দলে আছেন রাজস্থানের ওমপ্রকাশ মাথুর, বিহারের শাহনওয়াজ হোসেন, বাংলার রূপা গঙ্গোপাধ্যায় এবং ঝাড়খণ্ডের বিষ্ণু দয়াল রাম। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে গঠিত ওই দলের রবিবার আসানসোল যাওয়ার কথা। পরিস্থিতি সম্পর্কে তারা রিপোর্ট দেবে শাহকে।
 
এদিকে আজ শনিবার আসানসোল-রানীগঞ্জ সফরে গেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সেখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর সহিংসতা যে এলাকায় হয়েছে সেখানেও যাবেন তিনি। 
 
এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় ইমাম ইমদাদুল্লাহ’র মাধ্যমিক পড়ুয়া ছেলে সহিংসতায় নিহত হয়। তবে  এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যাতে সহিংসতা আরও না বাড়ে তার জন্য স্থানীয়দের কাছে পুত্রহারা এই ইমাম আর্তনাদ জানান। মাইকে তার এই আহ্বানের ফলে বড় রকমের দাঙ্গার আশঙ্কা থেকে রক্ষা পান স্থানীয়রা। এর মাধ্যমে সমগ্র ভারত তো বটেই বাইরের দুনিয়াতেও ইমামের মহানুভবতা নিয়ে আলোচনা হচ্ছে। 
 
ইত্তেফাক/কেআই