পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ থেকে বেকার সমস্যা দূরীকরণে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে চাকরির অভাব নেই, তবে যোগ্য লোকের অভাব রয়েছে। তরুণদেরকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে হবে।
শনিবার রাজশাহী জেলার বাঘা উপজেলা অডিটোরিয়ামে ক্যারিয়ার কাউন্সিলিং এবং সিভি রাইটিংয়ের ওপর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। হতাশা মানুষকে পিছনে ঠেলে দেয় উল্লেখ করে তিনি কাউকে হতাশা না হবার পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যাতে একটি লোকও বেকার না থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কাউন্সিলিং ওয়ার্কশপ। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা অব্যাহত থাকবে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল ইসলাম, কমিউনিটি রেডিও বড়ালের পরিচালক মো. শাহরিয়ার লিঙ্ক, এনআরবি’র বিজনেস কোঅর্ডিনেটর নাহিদ ফেরদৌস রনীসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বাঘা কেন্দ্রীয় গোরস্থানের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই