সুজানগরে পেঁয়াজের বাজার মন্দা

সুজানগর (পাবনা) সংবাদদাতা

উত্তরাঞ্চলের মধ্যে  পেঁয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে নতুন  পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে নতুন  পেঁয়াজের বাজার একদম মন্দা হওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১০টি ইউনিয়নে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬ হাজার ৫০ হেক্টর জমিতে। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছিল লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০ হেক্টর বেশি জমিতে। ইতোমধ্যে উপজেলার হাট-বাজারে নতুন  পেঁয়াজ ব্যাপকভাবে উঠতে শুরু করেছে। কিন্তু বর্তমানে  পেঁয়াজের দাম একদম কম হওয়ায় কৃষকের উত্পাদন খরচই উঠছে না।

উপজেলার তৈলকুন্ডু গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, একবিঘা জমিতে  পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ উত্পাদন খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। আর প্রতিবিঘা জমিতে  পেঁয়াজ উত্পাদন হয় ৫০ থেকে ৬০ মণ। বর্তমানে হাট-বাজারে প্রতিমণ  পেঁয়াজ বিক্রি হচ্ছে  পাঁচ থেকে ছয়শ টাকা দরে। সে হিসাবে একবিঘা জমিতে উত্পাদিত  পেঁয়াজের মূল্য আসছে ২৫ থেকে ৩৬ হাজার টাকা যা, প্রায় উত্পাদন খরচের সমান। কৃষকরা  পেঁয়াজের বর্তমান এ বাজারে অত্যন্ত হতাশ।  উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার বলেন, বর্তমানে  পেঁয়াজের বাজার মন্দা এ কথা সত্য, তবে এবছর উপজেলার সর্বত্র বাম্পার ফলন হয়েছে।