সংবাদ সংক্ষেপ

হাবিপ্রবিতে স্থাপত্য প্রদর্শনী

দিনাজপুর অফিস দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রবিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী স্থাপত্য প্রদর্শনী ‘অনুরণন’। ছাত্র শিক্ষক মিলন কেন্দ্রের দ্বিতীয় তলার হলরুমে স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন স্থাপত্যের কারুকাজ স্থান পায় এই প্রদর্শনীতে। স্থাপত্য ও শিল্পের বুননে তৈরি করা এ প্রদর্শনীতে ছিল মানুষের উপচেপড়া ভিড়।  হাবিপ্রবির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি নাইম মিথুনের নেতৃত্বে শহরের একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার প্রদর্শনী সম্পর্কে বলেন, হাবিপ্রবির স্থাপত্য বিভাগের বয়স বেশিদিন হয়নি। মাত্র ৫ বছরে এই বিভাগ স্থাপত্য বিষয়ে যা করে চলেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আগামীতে এ রকম প্রদর্শনী আয়োজন করার মাধ্যমে মানুষের দৃষ্টি আর্কষণে স্থাপত্যের প্রতি ইতিবাচক ধারণা তৈরি হবে বলেও তিনি মনে করেন।

কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী দিনে মঙ্গলবার জেলা শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন নূর মোহাম্মদ এমপি।

পীড়ারবাড়ী হাট-বাজার সংস্কারের দাবি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী হাট-বাজার সংস্কারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। পীড়ারবাড়ী হাট-বাজারের শতাধিক ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হাট-বাজারের বিভিন্ন গলি দিয়ে মিছিল করে দুর্গা মন্দির চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় পীড়ারবাড়ী হাট-বাজার কমিটির সভাপতি অরুন মল্লিক, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া হোটেল শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র, কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার শহরের সাতমাথায় মানববন্ধন হয়েছে। সংগঠনের জেলা সভাপতি শাহ আলম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক জোট নেতা মোমিন মণ্ডল, জেলা কমিটির সাবেক সভাপতি মকবুল হোসেন প্রমুখ।