ডাকসুর দাবিতে আবারও অনশনে ওয়ালীদ আশরাফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে আবারও অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ। গত রবিবার রাত ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে স্মৃতি চিরন্তনে তিনি অনশন শুরু করেন। এর আগে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে গত বছরের ২৫ নভেম্বর থেকে ১৫ দিনের অনশনে ছিলেন এই শিক্ষার্থী। সেই সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়ে তার অনশন ভাঙেন।
 
ওয়ালিদ আশরাফ বলেন, ডাকসুর নির্বাচনের দাবিতে আমি আবারও অনশনে বসতে বাধ্য হয়েছি। আমার প্রত্যাশা ছিল বর্তমান ডিজিটাল সুবিধায় ও প্রশাসনের সহযোগিতায় দ্রুত ডাকসু নির্বাচন আয়োজন সম্ভব হবে। কিন্তু বর্তমান তোষামোদী প্রশাসন এক বছরের প্রস্তুতি সময় চেয়ে তার অযোগ্যতাই তুলে ধরেছে।

গত বছরের ১০ অক্টোবর হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের মাধ্যমে নির্বাচিত প্যানেলকে অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ সিনেটের মাধ্যমে ছয় মাসের মধ্যে উপাচার্য প্যানেল নির্বাচনের নির্দেশ দেন। সে হিসেবে আদালতের দেওয়া সময়সীমা শেষ হবে চলতি মাসের ১০ তারিখ। আদালতের রায়ের সময়সীমা পেরিয়ে যাওয়া দেখে ওয়ালিদ আশরাফ আবারও অনশনে বসেছেন বলে জানিয়েছেন।

এদিকে ডাকসু নির্বাচনের বিষয়ে আদালতের দেয়া তারিখের বিষয়টি আমলে না নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ২০১৯ সালে মার্চের মধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচন দেওয়ার ঘোষণা দেয়। এ কারণে চলতি বছরের ৩০ মের মধ্যে সব হলে ডাকসু নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে বলেছে সিন্ডিকেট।

ইত্তেফাক/নূহু