ফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) খালেদা জিয়া হলের দুই আবাসিক শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মিছিল ও মূল ফটকে তালা দিয়েছে ছাত্রীরা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে হলের সামনে এক ঘণ্টা বিক্ষোভ মিছিল করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথে দেড় ঘণ্টা আলোচনা শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা যায়, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক খালেদা জিয়া হলের শিক্ষক রুনা সাহা ও জিয়াউর রহমান খানের পদত্যাগের দাবির মুখে সহকারী প্রক্টর আশ্বাস দিলেও সেই আশ্বাস পূরণ না হওয়ায় দ্বিতীয় দিনের মতো গতকাল রাতে ফের হলের বিক্ষোভ মিছিল ও মূল ফটকে তালা দেয় ছাত্রীরা। এসময় শিক্ষার্থীদের সাথে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরবর্তীতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম এবং ওই দুই আবাসিক শিক্ষককে হলের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি ঘোষণা করে ছাত্রীরা।
আন্দোলনের সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের সিট যদি ওনারা ইচ্ছা করে বাতিল করতে পারে তাহলে ওনাদের কেন পদত্যাগ করা হবে না। আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এসময়ের মধ্যে যদি রুনা সাহা ও জিয়াউর রহমান খানকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা পরবর্তীতে আবার আন্দোলনে নামবো এবং ওই দুই শিক্ষককে হলের যাবতীয় কাজ থেকে অব্যাহতি ঘোষণা করছি। হলের কোন কাগজ পত্রে তাদের স্বাক্ষর ব্যবহার মেনে নিবো না। এছাড়াও মঙ্গলবারে ভিসি বরাবর একটি লিখিত অভিযোগ দিবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। এ অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার জরুরিভাবে একটি মিটিং করা হবে। পরে এ ব্যাপারে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইত্তেফাক/এসএস