পররাষ্ট্র মন্ত্রণালয়কে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ
ইত্তেফাক রিপোর্ট
সরকারিভাবে কোনো ডেলিগেট ও খেলোয়াড়রা বিদেশ সফরে গেলে সেখানে বাংলাদেশের মিশনগুলো যেন সদা তত্পর থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বিশ্বে অর্থনৈতিক কূটনীতি জোরদারের জন্যও মিশনসমূহকে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ অংশ নেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ, অর্থ বরাদ্দ ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের পর কেবিনেটে যেরকম প্রতিবেদন উপস্থাপন করা হয়, স্থায়ী কমিটিতেও সেরকম প্রতিবেদন উপস্থাপনের পরামর্শ দেয় কমিটি।
উদ্ভিদের জাত সংরক্ষণ বিলের সুপারিশ চূড়ান্ত
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘উদ্ভিদের জাত সংরক্ষণ বিল, ২০১৯’ পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। বিলটির ওপর কমিটির রিপোর্ট সংসদের আসন্ন অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত হয়। কমিটি সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, মামুনুর রশীদ কিরন ও হোসনে আরা অংশ নেন।
পাটকল শ্রমিকদের আন্দোলন নিয়ে আলোচনা
এদিকে, গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে পাটকলগুলোতে শ্রমিকদের আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে। কমিটিকে মন্ত্রণালয় জানায়, শ্রমিক অসন্তোষ দূর করার লক্ষ্যে বকেয়া মজুরি পরিশোধসহ নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল ও খাদিজাতুল আনোয়ার অংশ নেন।