‘দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে আয় বৈষম্য’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

দেশে দিন দিন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও এই প্রবৃদ্ধির সুফল সবাই সমানভাবে পাচ্ছে না। ফলে আশঙ্কাজনকহারে দেশে দিন দিন আয় বৈষম্য বেড়েই চলছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে রাশেদ আল মাহমুদ তিতুমীর রচিত রাজনৈতিক বন্দোবস্ত ও অর্থনৈতিক ফলাফল বইয়ের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক রিয়াজ হকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দীন আহমেদ, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক মুশতাক এইচ খান, অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে এসময় বক্তারা বলেন, এদেশের মোট আয়ের দুই-তৃতীয়াংশের মালিক উপরের দিকে থাকা এক-তৃতীয়াংশ মানুষ। আর এই আয় বৈষম্যের প্রতিফলনে সম্পদ বৈষম্যও বাড়ছে। আয় বৈষম্য এবং সম্পদ বৈষম্য রোধে সরকারের উচিত স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা।

বক্তারা বলেন, রাষ্ট্র সামগ্রিকভাবে জনগণের প্রতিষ্ঠান। কিন্তু দিন দিন প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে ব্যক্তি ও গোষ্ঠীতন্ত্রের কবলে চলে যাচ্ছে। রাষ্ট্রের সঙ্গে মানুষের সামাজিক চুক্তি ঢিলে হয়ে যাচ্ছে। এ অবস্থার উত্তরণে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার কোনো বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, সামগ্রিকভাবে অর্থনৈতিক বিপর্যয়ে পড়া এ রাষ্ট্রব্যবস্থাকে সার্বজনীন করে গড়ে তোলার জন্য সব মহলের আন্তরিকতা প্রয়োজন হলেও বর্তমানে অর্থনৈতিক কর্মকাণ্ডে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারের অভাব, আইনের শাসন ও জবাবদিহিতার প্রতি অবজ্ঞা, ক্ষমতার কেন্দ্রীভবন এবং ক্ষমতাশীলদের দ্বারা অর্থনীতিকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করার মারাত্মক প্রবণতা দৃশ্যমান।