চীনা প্রেসিডেন্টের সঙ্গে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের সাক্ষাত

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ইমারসন মানানগোয়া মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকারের মতো আগামীতেও চীনা অর্থনৈতিক সহযোগিতাসহ সার্বিক সমর্থন কামনা করেছেন ইমারসন। খবর এএফপি’র।
 
কয়েক দশক আগে স্বাধীনতার জন্য লড়াইরত মুক্তিযোদ্ধা হিসাবে চীন থেকে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ইমারসনকে গ্রেট হলে স্বাগত জানান শি জিনপিং। রবার্ট মুগাবের ৩৭ বছরের শাসনামল শেষে ইমারসন গত বছর নভেম্বরে সামরিক বাহিনীর সহযোগিতায় প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
 
ইমারসন চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘বিগত ১৮ বছর ধরে জিম্বাবুয়ের বিরুদ্ধে যখন পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা জারি করেছিলো তখন চীন সকল প্রকার সহযোগিতা করে। আর সেই জন্য আমি প্রথমে চীনা প্রেসিডেন্ট ও দেশটির জনগণকে ধন্যবাদ জানাতে চাই।’
 
তিনি তার দেশে চীনা বিনিয়োগ বাড়াতে চীনা কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন। সেই সঙ্গে দু’দেশের অর্থনৈতিক ফোরামে যোগদান করবেন যাতে করে তার দেশের সঙ্গে চীনের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো যায়। তিনি বলেন, এখন সময় এসেছে দেশটির বিগত ১৮ বছরের নিষেধাজ্ঞা থেকে দ্রুত বের হয়ে আসার এবং আগামীতে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া। এএফপি।
 
ইত্তেফাক/সেতু