বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অচলাবস্থা

বরিশাল অফিস

২২ দিনেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন হয়নি। শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি শিক্ষকরা ৮ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীদের এক দফা দাবি ও শিক্ষকদের আট দফা নিয়ে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন ও শফিকুল ইসলাম জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভিসির পদত্যাগ দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের পাশাপাশি শিক্ষকরাও তাদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ২২ দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই নিয়ে শিক্ষার্থীরা ও শিক্ষকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের দাবি অতি শীঘ্রই মানা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, আমরা আমাদের আট দফা যৌক্তিক দাবি আদায়ে দুই ঘণ্টা করে অবস্থান ধর্মঘট পালন করছি। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক নেতারা।