খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমানে সরকারি গোডাউন ও সাইলোতে খাদ্যশস্যের মোট ধারণ ক্ষমতা আছে প্রায় ২১ লাখ মেট্রিক টন। তিনি বলেন, এ বছর শেষে এ ধারণ ক্ষমতা দাঁড়াবে প্রায় ২২ লাখ মেট্রিক টনের কাছাকাছি।
রাজধানীর একটি হোটেলে ‘খাদ্য অধিদপ্তর এবং তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় মধুপুর, ময়মনসিংহ এবং আশুগঞ্জে ৩টি স্টিল রাইস সাইলো নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি আজ বুধবার এ কথা বলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহবুদ্দিন আহমদের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের পক্ষে চুক্তি সাক্ষর করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গাজীউর রহমান এবং তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূইয়া।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, ২০২০ সাল নাগাদ ধারণ ক্ষমতা বেড়ে প্রায় ২৭ লাখ ৪৫ হাজার মে.টন এবং ২০২৫ সাল নাগাদ ধারণ ক্ষমতা প্রায় ৩০ লাখ মেট্রিক টনে দাঁড়াবে।
কামরুল ইসলাম বলেন, অতীতের চেয়ে এখন খাদ্যশস্যর উৎপাদন বেড়েছে। বছরে প্রায় ৩ কোটি ৬০ লক্ষ মেট্রিক টন চাল এবং প্রায় ২৬ লাখ মেট্রিক টন গম উৎপাদন হয়। এসব খাদ্যশস্য সংরক্ষণ করার জন্য আধুনিক খাদ্য সংরক্ষণাগার বাড়াতে হবে। আর সেই পরিকল্পনা নিয়েই সরকার অগ্রসর হচ্ছে। বাসস।
ইত্তেফাক/এমআই