নেপালে কাঠমন্ডু ত্রিভুবন এয়ারপোর্টে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত নাজিয়া আফরিন চৌধুরী এবং বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ফয়সাল আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সময় বদলে যায়। এ ব্যাপারে ফয়সালের ভাইয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান।
আদালত আদেশে বলা হয়, আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে, ফয়সালের লাশ হিসেবে তার পরিবারকে যে লাশ দেয়া হয় তা ফয়সালের নয়। ওই লাশ একই দুর্ঘটনায় আরেক নিহত নাজিয়া আফরিন চৌধুরীর লাশ।
আদালতে ফয়সালের ভাই সাইফুল ইসলাম তার আবেদনে বলেন, গত ২০ মার্চ তার ভাইয়ের লাশ গ্রহণ করেন তার মামা কায়কোবাদ। শরীয়তপুরে গ্রামের বাড়ি নেয়ার পর জানাজা শেষে যখন কবর দেয়ার জন্য কফিন থেকে লাশ বের করা হয় তখন দেখেন, এটি তার ভাইয়ের লাশ ভাইয়ের লাশ নয়। লাশটি পলিথিনে মোড়ানো ছিল। সেখানে লেখা ছিল নাজিয়া আফরিন চৌধুরী।
ফয়সালের লাশ দাফন করা হয়েছে বনানী কবরস্থানে। আর নাজিয়ার লাশ দাফন করা হয় শরিয়তপুরের ডামুড্যা গ্রামে। উভয় পরিবারই ওই দুজনের লাশ তুলে পরস্পরের কাছে হস্তান্তর ও যার যার কবরস্থানে নতুন করে কবর দেয়ার আবেদন করেছেন। আদেশে আরও বলা হয়েছে, ফয়সালের লাশ বনানী কবরস্থান থেকে তুলে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য ঢাকা জেলার নির্বাহী হাকিমকে বলা হলো। আদালতে হলফনামা জমা দিয়েছেন নিহত ফয়সালের ভাই সাইফুল ইসলাম ও নাজিয়ার ভাই আলী আহাদ চৌধুরী।
উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হয়। গত ২০ মার্চ তাদের লাশ নিয়ে আসা হয় বাংলাদেশে।
ইত্তেফাক/ইউবি