বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ধারাবাহিকভাবে সাজানো শুষ্ক উদ্ভিদের নমুনার সংগ্রহশালা হর্বেরিয়ামের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গর্ডেনের আয়োজনে উদ্বোধন করা হয়। হর্বেরিয়ামে পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার ১৫৭ প্রজাতির উদ্ভিদের নমুনা রয়েছে।
ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. আ.খ.ম. গোলাম সারওয়ার।
হার্বেরিয়ামের পাহাড়ি উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন পি.এইচ.ডি শিক্ষার্থী মো. রিশাদ আবদুল্লাহ। তিনি বলেন, ১৫৭ প্রজাতি ছাড়াও হার্বেরিয়ামে অজ্ঞাত অনেক প্রজাতি রয়েছে যা এখনও সনাক্ত করা হয়নি। দেশের মধ্যে আমাদের হার্বেরিয়ামটি পঞ্চম।
সাবেক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, জীবিত উদ্ভিদের পাশাপাশি মৃত উদ্ভিদের সংরক্ষণও গুরুত্বপূর্ণ। বাকৃবি বোটানিক্যাল গার্ডেনে বর্তমানে ১ হাজারে বেশি জীবিত উদ্ভিদ রয়েছে। এগুলোও ধীরে ধীরে হর্বেরিয়ামে সংরক্ষণ করা হলে ওই উদ্ভিদ নিয়ে গবেষণার কাজ সহজ হবে।
ইত্তেফাক/এসএস