'খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি রাজনৈতিক বোমাবাজি করছে'

খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি যা করছে তা রাজনৈতিক বোমাবাজি বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, 'খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুদক সেখানে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল করেছে। তা শুনানির আগে পর্যন্ত আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ জামিন স্থগিত করেন। এ তথ্যগুলোর বিশ্লেষণ করলেই বুঝা যাবে সেখানে সরকারের কিছু করণীয় আছে কিনা।
 
আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী জামায়াত নিষিদ্ধকরণের বিষয়ে বলেন, মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী দল, সংগঠন বা ব্যক্তি যেই হোক তাদেরকে একটা আইনের আওতায় এনে যে বিচার এবং শাস্তির ব্যবস্থা করছেন সে প্রক্রিয়ার মধ্যে তাদের আনার কারণ তারা অপরাধী। এ ব্যবস্থা করার জন্যই আইনটি সংশোধন করার সুপারিশ করা হয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি বর্তমানে মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। মন্ত্রী পরিষদে অনুমোদন হলে তা সংসদে উত্থাপন করা হবে।
 
পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। সমিতির সভাপতি মো. আফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
 
উল্লেখ্য, ৬ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ আইনজীবী সমিতির ৬ তলা বিশিষ্ট ভবনের ৩ তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।
 
ইত্তেফাক/এসএস