বগুড়ায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৩১ কোটি টাকা আত্মসাত্ মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দ এবং ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তারা বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক এমরান হোসেন চৌধুরীর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর নিশিত কুমার ঘোষ জানান, ২০০৮ সালের ২৩ অক্টোবর থেকে পরবর্তী তিন বছরে এসআইবিএলের বগুড়া শাখা থেকে তত্কালীন ব্যবস্থাপক, দুই কর্মকর্তা এবং ৬ ব্যবসায়ীসহ ৯জন মিলে বিভিন্ন গ্রাহকের নামে ভুয়া ঋণ হিসাব খুলে ৩১ কোটি ১৯ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাত্ করেন। ওই ঘটনায় এসআইবিএলের বগুড়া শাখার তত্কালীন ব্যবস্থাপক শফিকুল ইসলাম ২০১১ সালে মামলা দায়ের করেন।
দুদক মামলাটি তদন্ত করে ২০১৭ সালে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটভুক্ত আসামিরা হলেন এসআইবিএলের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) রফিকুল ইসলাম, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে বরখাস্ত) আতিকুল কবির, সাবেক এক্সিকিউটিভ অফিসার (বর্তমানে বরখাস্ত) মাহবুবুর রহমান, ব্যবসায়ী আকতার হোসেন মামুন, জহুরুল হক মোমিন, এনামুল হক বাবু, মাকসুদুল আলম খোকন, ফেরদৌস আলম এবং বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মান্নান আকন্দ।
দুদকের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, চার্জশিট দাখিলের পর চলতি বছরের ৪ মার্চ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের মধ্যে ৩জন জামিনে রয়েছেন। বাকি ৬ জনের মধ্যে এসআইবিএলের সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও আব্দুল মান্নান আকন্দ মঙ্গলবার স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করেন।