ইত্তেফাক রিপোর্ট
ভোটার তালিকার হালনাগাদের সময় নারী ও পুরুষের পাশাপাশি হিজড়া পরিচয়েও ভোটার হতে পারবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। এতোদিন হিজড়াদের ভোটার হওয়ার ক্ষেত্রে ভোটার তালিকায় নারী বা পুরুষ পরিচয়ে ভোটার হতে হতো। প্রথমবারের মতো হিজড়ারা নিজ পরিচয়েও ভোটার হতে পারবেন, এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে হিজড়াদের নিবন্ধনের জন্য ‘হিজড়া’ হিসেবে চিহ্নিত করা ও ডেটাবেইজে সংরক্ষণের কারিগরি দিক সব ঠিক করা হয়েছে। তালিকা আইন ও ভোটার তালিকা বিধিমালা সংশোধন করা হয়েছে। এছাড়া নিবন্ধন ফরমে হিজড়া শব্দ যোগ করে তা ছাপানোর কাজ চলছে বলে ইসি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন ইত্তেফাককে বলেন, আগামী ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত। এবার ভোটার তালিকা হালনাগাদ থেকে হিজড়ারা চাইলে নিজ পরিচয়ে ভোটার হতে পারবেন। এবিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এরই মধ্যে যেসব হিজড়া নারী বা পুরুষ হিসেবে ভোটার হয়েছেন, তারা যদি হিজড়া পরিচয়ে ভোটার হতে চান সেক্ষেত্রে কি করতে হবে? জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ফরম পূরণ করতে হবে।