‘রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ আগামী ২৫ এপ্রিল চালু হতে যাচ্ছে। এদিন সকাল ১০টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।’ গতকাল মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী-ঢাকা রুটে প্রথম বিরতিহীন ট্রেনের ‘বনলতা এক্সপ্রেস’ নাম দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২টি বগি নিয়ে ট্রেনটি বিরতিহীনভাবে চলবে। নতুন এ ট্রেন সার্ভিসের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন বগি যুক্ত করা হবে। ট্রেনটি সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে ঢাকায় পৌঁছবে বেলা ১১টায়। আবার একইদিন দুপুর দেড়টায় ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে রাজশাহী পৌঁছবে বিকাল সাড়ে ৫টায়।