‘সব ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আমাদের একটাই পরিচয়, আমরা নৌকার লোক। আমাদের একটাই পরিচয়, আমরা আওয়ামী লীগের লোক, বঙ্গবন্ধুর লোক। তাই আওয়ামী লীগের স্বার্থে সব ভেদাভেদ ভুলে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
 
শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুরে তার নিজ বাসভবনে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
 
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে নিতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নাই। তাই দেশের উন্নয়নের স্বার্থে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আবারো নৌকায় ভোট দিন। 
 
সংসদ উপনেতার এপিএস শফি উদ্দীনের সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন সংসদ উপনেতার ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু, মেজো ছেলে সাজেদ আকবর চৌধুরী ছুটকো, একমাত্র কন্যা শামা রহমান চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির, সহসভাপতি আক্তারুজ্জামান তিতাস, সহসভাপতি ইউনুচ আলী মোল্যা, আইন বিষয়ক সম্পাদক ইনজামামূল হক মিঠু, আওয়ামী নেতা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ুম প্রমুখ। 
 
ইত্তেফাক/ইউবি