বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে কোন আইনের শাসন নেই। আর আইনের শাসন না থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে রয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ‘শিক্ষক কর্মচারী ঐক্যজোট’ এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ঢাকা বারের নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা খানকে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খালেদা জিয়ার উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার প্রমুখ বক্তব্য রাখেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৭৮ হাজার মামলা চলছে। অন্যদিকে আইনের শাসনের অভাবের সঠিকভবে বিচার হচ্ছে না। সরকারি দলের পক্ষের মামলায় এক রকম বিচার হচ্ছে। অন্যদিকে বিরোধী দলের পক্ষের মামলায় বিচার চলছে অন্যরকম। এ সময় গণতন্ত্র ও আইনের শাসন ফেরাতে পেশাজীবীদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
আমীর খসরু বলেন, ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। এই টাকা বিদেশে প্রচার হচ্ছে। আমানত হিসেবে যে টাকা বাংলাদেশ ব্যাংকে থাকবে সেখান থেকেও আবার ফেরত দেয়া হচ্ছে। যারা ব্যাংকগুলোর টাকা লুট করেছে তারাই আবার বাংলাদেশের ব্যাংকে জামানত থাকা টাকা ফেরত নিতে বাধ্য হচ্ছে।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে গিয়ে অনৈতিকভাবে ভোট চাচ্ছেন। আর বিরোধীদের কোনও সভা-সমাবেশ এমনকি মানববন্ধনও করতে দেয়া হচ্ছে না।
মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে আইনের শাসন নেই। আজ কোনও বিচারক ন্যায়বিচার করতে সাহস করেন না বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করে করার পর আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির তদন্ত চলছে। কিন্ত সব কিছুই মিথ্যা। লোক দেখানো।
ইত্তেফাক/ইউবি