উন্নয়ন ও শান্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেবার জন্য তার নির্বাচনী এলাকা কাজীপুরসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এ মর্যাদা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি শুক্রবার তার নির্বাচনী এলাকা কাজীপুরে কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেছেন।
তিনি বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে আরো বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোন ফর্মুলা দিয়ে বা ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে। শুক্রবার দুপুরে নির্মাণাধীন আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট প্রকল্পের অগ্রগতি পরিদর্শন এবং শহীদ এম মনসুর আলী সরকরি কাজের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন, কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেল নির্মাণ প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
এর আগে মন্ত্রী সীমান্ত বাজার এলাকায় স্থাপিত বাঙরাবাজার মারকাস মসজিদে জুমার নামাজা আদায় করেন এবং মরহুম আমিরুল ইসলাম আমির মাস্টারের কুলকানিতে অংশ গ্রহণ করেন। পরে তিনি গান্ধাইল গ্রামে মরহুম মন্টু হাজীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় মন্ত্রীর সাথে সিভির সার্জন ডা. কাজী শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা হাসান, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি