জঙ্গি সংগঠন সাথে সম্পৃক্ততার দায়ে গ্রেফতারকৃত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ নীনা'র (২৪) ছাত্রত্ব সাময়িক স্থগিত করেছে। উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ গতকাল শুক্রবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশের মাধ্যমে তাকে সাময়িক স্থগিত করেন।
জানা যায়, সাদিয়া আফরোজ নীনা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিমক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামে। এর আগে গত বুধবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় আটক সাদিয়ার কাছ থেকে পাওয়া তিনটি মোবাইল সেটে মানষিক উত্তেজনা কর ও বিভিন্ন দেশের মুসলিমদের জখমের ছবি, আগ্নেয়অস্ত্র ব্যবহারের ফুটেজ ও বিভিন্ন জঙ্গি নেতাদের ছবি ও তাদের বক্তব্যের ফুটেজ পাওয়া গেছে। সেই সাথে তার মুঠোফোনে টেলিগ্রাম, অরবিট, অরফক্স নামে তিনটি অ্যাপস (ফিচার) এবং সালাফদের ইলমি শ্রেষ্ঠত্ব ইবনে রজব হাম্মুলী (রা.) অনুবাদকরা একটি বই জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি এসব অ্যাপস ব্যবহার করে সাদিয়া জঙ্গিদের সাথে যোগাযোগ করে এবং ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে জঙ্গি সদস্যদের উদ্বুদ্ধ করে দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছে।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলোকে কঠোর হস্তে দমন করতে বদ্ধ পরিকর। তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাকে পুরোপুরি বহিস্কার করা হবে।'
ইত্তেফাক/এসএস